
লালমনিরহাটে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ১২৯০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ নুরুজ্জামান ভাটিয়া নুরুজ্জামাল ওরফে উজ্জ্বল (পিতা- মৃত আব্দুল হামিদ, মাতা- মৃত নুর নাহার) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (১৩ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), লালমনিরহাটের অফিসার ইনচার্জসহ একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর থানাধীন মোগলহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুড়ুল মৌজাস্থ গনেশ নামের এক ব্যক্তির পুকুরের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি লালমনিরহাট সদর থানার দুরাকুটি বাজার এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল একটি নিষিদ্ধ ও মারাত্মক মাদকদ্রব্য। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।