
রংপুরের পীরগঞ্জে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পরস্পরবিরোধী অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভীমশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিদ্যালয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি।
এ সময় প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালিব সহকারী শিক্ষক মোশাররফ হোসেনের কাছে তাঁর এবং অন্যান্য শিক্ষকের দেরিতে উপস্থিত হওয়ার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হতবাক পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয়েই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ দিয়েছেন।
প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালিবের দাবি, তিনি সহকারী শিক্ষক ও অন্যান্য শিক্ষকের সময়মতো উপস্থিত না হওয়ার কারণ জানতে চেয়েছিলেন। একপর্যায়ে সহকারী শিক্ষক উচ্চস্বরে কথা বললে তাকে নিচুস্বরে কথা বলার জন্য বলেন। এ সময় পরিস্থিতির অবনতি ঘটে।
অন্যদিকে সহকারী শিক্ষক মোশাররফ হোসেনের অভিযোগ, তিনি অনুষ্ঠানে যোগ দিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর প্রধান শিক্ষক তাঁর ও অন্যান্য শিক্ষকের দেরিতে আসার কারণ জানতে চান। অন্যান্য শিক্ষক কেন আসেননি, তা তিনি জানেন না এবং এ বিষয়ে বলতে পারবেন না—এ কথা জানানোর পরও প্রধান শিক্ষক তাকে বারবার প্রশ্ন করেন। একপর্যায়ে তিনি কিছুটা উচ্চস্বরে কথা বললে প্রধান শিক্ষক কোনো কারণ ছাড়াই তাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন। এরপর উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।
ঘটনার বিষয়ে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান মানিক বলেন, “ওই ঘটনায় দুই পক্ষের কাছ থেকেই অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”<