
রাজধানীর ব্যস্ত সড়কে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে ‘মহিলা বাস’ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ মঙ্গলবার উদ্বোধনের পর রাজধানীসহ বগুড়া ও চট্টগ্রামেও থেকে ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে।
‘পিংক বাসের’ নারী চালকরা সড়কে নামার আগে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। ব্যস্ত সড়কে গাড়ি চালানো নিয়ে আত্মবিস্বাসী তারা। নারীরাও চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব বলে মন্তব্য করেছেন আত্মবিশ্বাসী জান্নাতুল ফেরদৌসী। তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক ও ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন। ‘মহিলা বাস’ সার্ভিসে তার রুট হবে নারায়ণগঞ্জ থেকে মতিঝিল।
তিনি বলেন, ‘পরুষ চালকরা অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছেন। আমরা মাত্র শুরু করছি। বিআরটিসিতে বড় বাসে মহিলাদের জন্য সার্ভিসের মাত্র সূচনা।
বাংলাদেশের যানজটের শহরে আমার অনুরোধ, আমাদের জন্য রাস্তাঘাটটা যদি আরেকটু ভালো করা। সহযোগিতা পেলে অবশ্যই আমরা ভালো চালাতে পারব।
তিনি আরো বলেন, ‘এখন আমরা প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের দিয়েই মহিলা বাস সার্ভিস উদ্বোধন করা হবে। আমরা অবশ্যই মহিলা সার্ভিসের বাস চালাতে পারব।
বাংলাদেশকে উন্নত করার জন্য আমাদের নারীদেরই আগে এগিয়ে আসতে হবে।’
নারী চালক মোছা. সাথি খাতুন জানান, গোলাপি বাস সার্ভিসে দায়িত্ব পালনের আগে তারা দীর্ঘ সময় প্রশিক্ষণ নিয়েছেন। ফলে যানজটপূর্ণ সড়কে বাস চালাতে তেমন সমস্যা হবে না বলে মনে করেন তিনি।
খাদিজাতুল রিমা জানান, মহিলা বাস’ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়ার পর গাজীপুর বিআরটিসিতে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রায় দেড় মাসের ওই প্রশিক্ষণ সফলভাবে শেষ করে তারা পিংক বাস সার্ভিসে যুক্ত হয়েছেন।
সাথি খাতুন বলেন, ‘আমরা প্রায় দেড় মাসের বেশি প্রশিক্ষণ নিয়েছি। আমাদের যারা নারী চালক, তারা সবাই বিআরটিসির প্রশিক্ষক ছিলেন। গাড়ি চালাতে তেমন সমস্যা হবে না। যানজট হলেও সমস্যা হবে না, কারণ আমরা সেভাবেই প্রশিক্ষণ নিয়েছি। আজ থেকে আমরা সড়কে নামছি।’