গাইবান্ধা জেলা প্রতিনিধি:
মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধার পলাশবাড়ীতে সাম্প্রতিক বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত নেতা সামিউল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। নিহতের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের খোঁজখবর গ্রহণ, সমবেদনা প্রকাশ এবং আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে সোমবার (২ জুন) বিকেলে তাঁর বাড়িতে যান দলের শীর্ষ নেতারা।
সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে অনুষ্ঠিত এ সফরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম নিহত সামিউল ইসলামের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী কেয়ারটেকার মাওলানা মমতাজ উদ্দিন, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার এমপি, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু এমপি, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির ও ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি মো. ইউসুফ আল কারযাবীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নিহত সামিউল ইসলামের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, একজন প্রিয়জনকে হারানোর বেদনা কখনো পূরণ হওয়ার নয়। তবে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখার মাধ্যমে এই কঠিন সময় অতিক্রম করতে হবে। তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সফরকালে নেতৃবৃন্দ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সামিউল ইসলাম সংগঠনের একজন নিবেদিতপ্রাণ, আদর্শবান ও কর্মঠ নেতা ছিলেন। ইসলামী আন্দোলন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, সামিউল ইসলামের মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সংগঠন ও এলাকাবাসী একজন সম্ভাবনাময় নেতৃত্বকে হারিয়েছে। তাঁর ত্যাগ, আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুম সামিউল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য, শক্তি ও মানসিক প্রশান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় নেতৃবৃন্দ সামিউল ইসলামের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শোক, শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে নিহত জামায়াত নেতা সামিউল ইসলামের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয়।