কাউনিয়া (রংপুর):প্রতিনিধিঃ দীর্ঘ আলোচনা-সমালোচনা ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আকমল হোসেনকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে।
সুত্রে জানা গেছে গত ১ জুন রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে আকমল হোসেনকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়। ওই আদেশে তাকে ৩ জুন বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি কাউনিয়া কার্যালয়ে বহাল থাকেন। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহল ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়। স্থানীয় ও অফিস সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহলের তদবিরের কারণে তিনি বদলির আদেশ কার্যকর না করে আগের কর্মস্থলেই অবস্থান করছিলেন বলে অভিযোগ ওঠে।
এদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকৃষ্ট হয়। পরে উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বৃহস্পতিবার রাতে আকমল হোসেনকে রিলিজ প্রদান করা হয়।, রিলিজের পর তিনি নতুন কর্মস্থল মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিলে রিসিভ করেনি, তবে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র রিলিজের বিষয়টি নিশ্চিত করেছে।