আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার। তার আগে ৭ জুন ফিফা প্রীতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এর ঠিক দুদিন পর আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচ দুটিই আর্জেন্টিনার শেষ প্রস্তুতি হিসেবে কাজ করবে।
বিশ্বকাপের আগের এই প্রীতি ম্যাচগুলোতে খেলা হবে না লিওনেল মেসির। ইন্টার মায়ামির হয়ে গত সপ্তাহে বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোট নিয়ে একটু বেশিই চিন্তিত তিনি। ফেরার লড়াইয়ের অংশ হিসেবে নতুন করে যেন কোনো বিপত্তি না বাঁধে সে জন্যই মেসিকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বরং অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে নিয়ে ভিন্ন উদ্যোগ নিয়েছেন আর্জেন্টাইন কোচ।
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের মূল ম্যাচের আগে সম্পূর্ণ ফিট হতে আলাদাভাবে অনুশীলন করানো হবে মেসিকে। আপাতত দলের কাইনসিওলজিস্ট লুইস গার্সিয়া এবং ফিটনেস কোচ লুইস মার্টিনের তত্ত্বাবধানে মেসিকে বিশ্রাম ও হালকা অনুশীলনের মধ্য দিয়ে যেতে হবে। মূল আসর শুরুর আগে নিজেকে পুরোপুরি ফিরে পেতে ২৪ দিন সময় পাবেন মেসি।
মেসির চোটের কারণে কিছুটা দুশ্চিন্তা তৈরি হলেও পরিবারের সাথে ছুটি কাটিয়ে তিনি এখন পূর্ণ উদ্যমে মাঠে ফেরার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি কানসাসে আর্জেন্টিনার বেসক্যাম্পে অবস্থান করছেন। গতকাল কানসাসের সময় রাত ৯টায় নিজের ব্যক্তিগত বিমানে রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে দলের ক্যাম্পে যোগ দেন মেসি।