মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট:
লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে অনলাইন জুয়া খেলার অপরাধে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন ২ নং স্পারবাধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ চেকপোস্ট চলাকালীন সময় সন্দেহভাজন হিসেবে এই চার যুবককে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইন জুয়ার সাইট লগইন করে নিয়মিত জুয়া খেলে আসছিলেন।
এই ঘটনায় আদিতমারী থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।