
কুড়িগ্রামের উলিপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬। প্রতিযোগিতায় উলিপুর পৌরসভা চ্যাম্পিয়ন এবং দুর্গাপুর ইউনিয়ন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উলিপুর মিনি স্টেডিয়াম মাঠে এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও সমাপনী ঘোষণা করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু জাফর সোহেল রানা, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী মিয়া, উলিপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবাইদুর রহমান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলা আমির কামাল কবির লিটন, বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের অধ্যাপক মশিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন দলের খেলোয়াড়দের অংশগ্রহণে মিনি স্টেডিয়াম মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উলিপুর পৌরসভা প্রথম স্থান এবং দুর্গাপুর ইউনিয়ন দ্বিতীয় স্থান অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এ ধরনের আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কাবাডি প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।