রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকশাহাবাজ গ্রামের গাজীরহাট জোড়া দিঘির পাড় সংলগ্ন সেতুর মুখে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা অপসারণ করেছে কাউনিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। তাদের এ উদ্যোগে তিন গ্রামের কৃষকদের জলাবদ্ধতা নিরসন হয়ে আমন চাষাবাদে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক শাহিনুর আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সেতুর মুখ কচুরিপানায় বন্ধ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হয়। এতে আশপাশের তিনটি গ্রামের আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং চলতি আমন মৌসুমে অনেক কৃষক সময়মতো ধানের চারা রোপণ করতে পারেননি।
স্থানীয় কৃষকরা জানান, জমিতে দীর্ঘদিন পানি জমে থাকায় আমন ধানের চারা রোপণে বিলম্ব হয়েছে। সময়মতো রোপণ না হলে ফলন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে।
বালাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও দপ্তরে নিযুক্ত ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, স্থানীয় কৃষকদের দুর্ভোগের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর উপজেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পানি নিষ্কাশন স্বাভাবিক হলে জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা নির্বিঘ্নে আমন চাষাবাদ চালিয়ে যেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।