২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে মেতে উঠেছে পুরো ফুটবল বিশ্ব। মেগা এই আসরকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সি অঞ্চলে ব্যাপক দর্শক সমাগমের প্রস্তুতি চলছে। আয়োজকদের ধারণা, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো উপভোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ লাখ ফুটবলপ্রেমী এই অঞ্চলে ভিড় জমাবেন। তবে এই বিপুল জনসমাগমকে কেন্দ্র করে শুধু পর্যটন বা ব্যবসাতেই জোয়ার আসেনি, চাঞ্চল্যকরভাবে বৃদ্ধি পেয়েছে এসকর্ট বা যৌনকর্মীদের সেবার চাহিদাও।
স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বকাপ শুরুর আগেই এসকর্ট সেবাদাতাদের বুকিং ও অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত পর্যটক ও দর্শকদের মধ্যে এই সেবার প্রতি আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রুকলিনের এক যৌনকর্মী নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য পোস্ট’-কে জানান, তিনি তাঁর বিশেষ সেবার জন্য পুরো দিনের জন্য ১০ হাজার ডলার পর্যন্ত পারিশ্রমিক নেন। বিশ্বকাপ সামনে রেখে নতুন গ্রাহকদের অনুরোধে তিনি প্রায় অভিভূত। ঘণ্টাপ্রতি ৮০০ ডলারে সেবা দেওয়া ওই নারী বলেন, ‘আমি প্রচুর নতুন ক্লায়েন্টের অনুরোধ পাচ্ছি। গত মে মাসে আমার অনলাইন প্রোফাইলে যোগাযোগ ও আগ্রহের পরিমাণ প্রায় তিন গুণ বেড়ে গেছে।’
আগের তুলনায় দম্পতিদের কাছ থেকে অনেক বেশি অনুরোধ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘সাধারণত প্রতি মাসে একটি নতুন দম্পতির অনুরোধ পাই। কিন্তু গত এক মাসেই ২৫টি দম্পতির অনুরোধ পেয়েছি।’
নিউজার্সিভিত্তিক অপর এক সেবাদাতা জানান, বিশ্বকাপ উপলক্ষে শহরে আসা কয়েকজন গ্রাহক ইতিমধ্যে তাঁর সময় নিশ্চিত করতে ৩ হাজার ডলার করে অগ্রিম জমা দিয়েছেন। ইউরোপের দুই গ্রাহকসহ বেশ কয়েকজনের বুকিং নিশ্চিত করেছেন জানিয়ে তিনি বলেন, ‘জুন মাসের শিডিউল দ্রুত ভরে যাচ্ছে। কোনো ক্লায়েন্ট শহরে এলেই তাঁর জন্য প্রস্তুত থাকার প্রত্যাশা থাকে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
বিশ্বকাপ ঘিরে এসকর্ট ব্যবসার এই রমরমা অবস্থার কারণে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো। বিশেষ করে মেগা ইভেন্টকে কেন্দ্র করে মানবপাচারের চরম ঝুঁকি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
নিউজার্সি স্টেট অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশের সভাপতি অ্যান্ড্রু ক্যাজিয়ানো সতর্ক করে বলেন, এ ধরনের বড় আন্তর্জাতিক আয়োজনের সময় মানবপাচারকারীরা বিশেষ সক্রিয় হয়ে ওঠে। এই ঝুঁকি মোকাবিলায় বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা জোরদার করতে নিউজার্সি স্টেট পুলিশ প্রায় ১,২০০ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে, যারা বিভিন্ন অফিশিয়াল ও আনঅফিশিয়াল অনুষ্ঠানস্থলে কড়া নজরদারি চালাবেন।
এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক সতর্ক করে জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সুযোগ নিয়ে যৌন ও শ্রম পাচারের ঘটনাও আশঙ্কাজনক হারে বাড়তে পারে।
সার্বিক বিষয়ে নিউজার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ডেভেনপোর্ট আশ্বাস দিয়েছেন, বিশ্বকাপ চলাকালে দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য প্রশাসন বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে।
উল্লেখ্য, আগামী ১৯ জুলাইয়ের শিরোপা নির্ধারণী মেগা ফাইনালসহ এবারের বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।