
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামে সরকারি অর্থে নির্মাণাধীন একটি গাইডওয়াল নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে এবং বিষয়টি প্রশাসনের নজরে আসায় বর্তমানে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাইডওয়াল নির্মাণে যেসব ইট ব্যবহার করা হচ্ছে, তার একটি বড় অংশ নিম্নমানের এবং নির্মাণকাজের সম্পূর্ণ অনুপযোগী। এই ধরনের সাব-স্ট্যান্ডার্ড ইট দিয়ে কাজ করা হলে অল্প দিনেই স্থাপনাটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হবে, অন্যদিকে স্থানীয়রা কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হবেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে রাস্তাটি খণ্ডিত বা খনন করে রাখার কারণে সম্প্রতি একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। রাস্তার বেহাল দশার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছাতে না পারায় বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে আসার পর রাস্তাটির সংস্কার ও গাইডওয়াল নির্মাণকাজ শুরু হয়। কিন্তু কাজ শুরুর শুরুতেই ঠিকাদারি অনিয়ম ও নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি সামনে চলে আসে।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পে জনসাধারণের কষ্টার্জিত অর্থের অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা যায় না। নির্মাণকাজে ব্যবহৃত প্রতিটি উপকরণের গুণগত মান পরীক্ষা করে তবেই যেন কাজ পুনরায় শুরু করা হয়, সেই দাবি জানান তারা
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, “সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিকভাবে সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শনে গাইডওয়াল নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
উন্নয়নমূলক কাজে যেন কোনো ধরনের অনিয়ম বা সরকারি অর্থের অপচয় না হয়, সে বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।