
রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতের দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার পর রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সংযোগ সড়কের উত্তর দিকে প্রায় ২০ গজ দূরে একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত বিপুল চন্দ্র বর্মন (৪২) পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মহান চন্দ্রের ছেলে।
ঘটনাস্থলের পাশে একটি চার্জার ভ্যান পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ভ্যানটি নিহত বিপুল চন্দ্র বর্মনের। এছাড়া ঘটনাস্থলের ধানগাছ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এতে সেখানে ধস্তাধস্তি হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, “ঘটনাটি নিয়ে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।”