পঞ্চগড় সদর উপজেলায় ম্যাজিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পর্শে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৪ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার চাকলাহাট ইউনিয়নের চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাসিমা বেগম চাকলা এলাকার শহিম উদ্দীনের স্ত্রী। নিহতের মেয়ে মাইশা আক্তার বলেন, সকালে আমি পড়তে ছিলাম। আম্মু ম্যাজিক চুলায় ভাত রান্না করছিল। হঠাৎ একটা শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি আম্মু মেঝেতে পড়ে আছে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার বলেন, আম্মু আগেই মারা গেছেন।
এ প্রসঙ্গে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সৌরভ বলেন, বিদ্যুৎস্পর্শে একজন নারীকে হাসপাতালে আনা হয়েছিল। আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।