৯ নভেম্বর, ২০২৬ সময় - ১১:০২:০৩
নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। সোমবার করা আবেদনসংক্রান্ত একটি চিঠি রয়টার্সের হাতে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই এ ধরনের বিষয়ে তাঁর পক্ষ থেকে প্রথম যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স বাংলাদেশের দিল্লি দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। তাঁর নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির কথাও বলা হয়েছে।
রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান। তাঁর সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। প্রতিবেদনে আগামী ডিসেম্বরে ফেরার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। নির্বাসনে থাকা শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন।
শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি, আর অনেকে ভারতে বা অন্য দেশে অবস্থান করছেন। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কেও উল্লেখযোগ্য অবনতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।