সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকা মহানগরী উত্তরের আমির ও জামায়াত-মনোনীত মেয়র প্রার্থী মো. সেলিম উদ্দিন।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শোকবার্তায় সেলিম উদ্দিন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে যাঁরা সাত সমুদ্র পাড়ি দেন, তাঁদের এভাবে লাশ হয়ে ফেরা কেবল একটি পরিবারের ক্ষতি নয়, গোটা জাতির বেদনা। যে রেমিট্যান্স আমাদের অর্থনীতির প্রাণ, তার নেপথ্যে এই মানুষগুলোর ঘাম, ত্যাগ আর অপেক্ষার গল্প। অথচ প্রবাসে প্রাণহানির পর প্রায়ই মরদেহ ফেরাতে মাসের পর মাস অপেক্ষা করতে হয় এবং ক্ষতিপূরণের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়। এই অবহেলা আর চলতে পারে না।
আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে নিহতদের মরদেহ সম্মানের সঙ্গে দেশে ফেরানো হোক। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হোক এবং নিহতদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দূতাবাস ও কনস্যুলেটের তৎপরতা বাড়ানোও জরুরি। ইনশা আল্লাহ, শোকের এই সময়ে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকব।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটের তৎপরতা বাড়ানোরও দাবি জানান তিনি। শোকের এই সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন সেলিম উদ্দিন।