৭ নভেম্বর, ২০২৬ সময় - ১২:৩৮:৪৩
গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের ওপর পুলিশি হামলার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে ঘটনার দায় নিয়ে কলেজের অধ্যক্ষের জবাবদিহি ও পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে সাধারণ ছাত্রীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ ছিল। এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নিয়ে গভীর রাতে ছাত্রীনিবাসে পুলিশ প্রবেশ করিয়ে বলপ্রয়োগ করা হয়েছে।
তাঁরা অভিযোগ করেন, ছাত্রীনিবাসে পুরুষ পুলিশের প্রবেশ এবং ছাত্রীদের ওপর লাঠিচার্জ ও শারীরিক নির্যাতনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের ন্যায্য দাবির জবাবে এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা অধ্যক্ষের দায়িত্ব ছিল। কিন্তু পুলিশি হামলার ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন তাঁরা।
বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, অধ্যক্ষের জবাবদিহি ও পদত্যাগ এবং আহত ছাত্রীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী