লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রামট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বিপ্লব মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোপাল রায় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব মিয়া কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর এলাকার গোলাম রব্বানীর ছেলে। আহতদের মধ্যে একই এলাকার আব্দুর রহিম আরিফের ছেলে ফরহাদ হোসেন (২৫) এবং হাসেন আলীর ছেলে ফিরোজ মিয়া (২৪) রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিপ্লব মিয়াসহ কয়েকজন যুবক পাশের আদিতমারী উপজেলার নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে যান। খেলা শেষে সন্ধ্যায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে দক্ষিণ গোপাল রায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বিপ্লব মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মওলা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত ড্রামট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Source: https://www.drb.news/66594-2/