পেশায় তিনি একজন অটোরিকশাচালক। প্রতিদিনের উপার্জনেই চলে সংসার। কিন্তু নিজের সীমিত আয়ের মধ্যেও মানবসেবার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের কাউনিয়া উপজেলার মো. মিজানুর রহমান মিজান। সপ্তাহের শুক্রবার অসুস্থ রোগী ও গরিব মানুষের জন্য চালু রেখেছেন বিনা ভাড়ায় অটোরিকশা যাতায়াত সেবা। আর সোমবার অটোরিকশা চালিয়ে যা উপার্জন করেন, তার পুরোটাই বিলিয়ে দেন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে। তাঁর এই উদ্যোগে এলাকায় তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘মানবতার অটোওয়ালা’ হিসেবে।
জানা গেছে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এ মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। প্রতি শুক্রবার এলাকার অসুস্থ ও অসহায় রোগীদের বিনা ভাড়ায় অটোরিকশায় হাসপাতালে নেওয়া-আনা করেন। শুধু যাতায়াত সেবাই নয়, সোমবারের উপার্জনের সম্পূর্ণ অর্থ ব্যয় করেন দরিদ্র মানুষের কল্যাণে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বালাপাড়া ইউনিয়নের শাহবাজ গ্রামের অসহায় এনামুল হক এবং নিজপাড়া গ্রামের হাসপাতালে ভর্তি সালেহা বেগমের পাশে দাঁড়ান তিনি। তাঁদের চিকিৎসার জন্য নগদ অর্থের পাশাপাশি ১০ কেজি চাল, ২ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ২ কেজি ডাল, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেন।
স্থানীয়রা জানান, মিজানুর রহমানের এমন উদ্যোগ সত্যিই বিরল। নিজের সংসার চালানোর জন্য যিনি প্রতিদিন অটোরিকশা চালান, তিনিই আবার নিজের উপার্জনের একটি দিন অসহায় মানুষের জন্য উৎসর্গ করছেন। তাঁর এই মানবিক কাজ অন্যদেরও মানুষের বিপদে পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
সমাজে মানবসেবার জন্য যে বিপুল অর্থ-সম্পদের প্রয়োজন হয় না, কাউনিয়ার মিজান যেন তারই বাস্তব উদাহরণ। তাঁর অটোরিকশা শুধু যাত্রী পরিবহনের বাহন নয়, অসহায় মানুষের জন্য হয়ে উঠেছে সহমর্মিতা ও ভালোবাসার এক আশ্রয়।