গাজীপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে তার কর্মস্থল লায়লা স্টাইলস লিমিটেড।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে কারখানাটির কর্মকর্তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের বাড়িতে গিয়ে তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এ সময় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তৌফিকের স্ত্রী সেতু মনির হাতে তাৎক্ষণিকভাবে নগদ ২ লাখ টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবারটির নিজস্ব কোনো বসতভিটা না থাকায় এবং স্থানীয়দের অনুরোধে সম্প্রতি বিক্রি করে দেওয়া বাড়ির জায়গাটি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এ জন্য কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মিন্টু কুমার সাহা অতিরিক্ত ৬০ হাজার টাকা প্রদান করেন। এছাড়া তৌফিকের স্ত্রীকে প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার পাশাপাশি তাদের শিশুসন্তানের ভরণপোষণ ও ভবিষ্যতের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন কারখানা কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২ নভেম্বর গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা শ্রমিক আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলার ভিডিও ধারণ করতে গিয়ে তৌফিক গুরুতর আহত হন এবং পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পরিবারটিকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।