জেল হত্যা দিবস আজ। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা।
বিশ্লেষকরা মনে করেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানের এই হত্যাকাণ্ড ছিল ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কয়েকদিনের মধ্যে তার রাজনৈতিক সহচর জাতীয় ৪ নেতাকে গ্রেফতার করা হয়। ৩ নভেম্বর কারান্তরালেই তাদের হত্যা করা হয়।
বন্দি অবস্থায় প্রথমে গুলি করে এবং পরে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।
শেখ মুজিবকে গ্রেফতারের পর ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, খাদ্য ও ত্রাণমন্ত্রী এইচ এম কামারুজ্জামান।
ইতিহাসের নির্মম এই হত্যাকাণ্ডের দিনটিকে জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়। ঘটনার পরদিনই মামলা হলেও তা পুনরুজ্জীবিত করে চার্জশিট গঠন করা হয় ১৯৯৬ সালে। ২০০৪ সালে তিনজকে মৃত্যুদণ্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় জেল হত্যার রায়ে।