ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। অবশেষে ডিবি পুলিশের অভিযানে ধানক্ষেত থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করেন ডিবি সদস্যরা।
আটক মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে।
তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত।
এ বিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করা হয়। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুপুরের মধ্যে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।