রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। তিনি জানান, বাড়িতে কিছুদিন বিশ্রাম নিয়ে কর্মস্থলে ফিরবেন ওই কর্মকর্তা।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে আরিফুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটি পোস্ট দেওয়া হয়। একটি পোস্টে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’। অন্য পোস্টে তিনি প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
এদিকে ইউএনও শিল্পী রানী মোদকের সঙ্গে এসিল্যান্ডের বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এর কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান বলেন, ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করে ইউএনওর সঙ্গে এসিল্যান্ডের সম্পর্ক খারাপ হওয়ার মতো কোনো বিষয় পাওয়া যায়নি। তিনি আরও জানান, পোস্ট দেওয়ার কয়েক মিনিট আগেও আরিফুর রহমান তাঁর পরিবারসহ ইউএনওর বাসায় জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরিফুর রহমানের স্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, ওই কর্মকর্তা কিছুদিন ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ঘটনার তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর পর মরদেহ দেখে তিনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদক জানান, প্রথমে তিনি এসিল্যান্ডের মোবাইল ফোন হ্যাক হওয়ার কথা জানতে পেরেছিলেন। পরে তাঁর স্ত্রী জানান, ফোন হ্যাক হয়নি; এসিল্যান্ড নিজেই পোস্ট দুটি দিয়েছিলেন এবং পরে তাঁর স্ত্রী সেগুলো মুছে দেন।
ইউএনও আরও বলেন, পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও আরিফুর রহমান তাঁর বাসায় ছিলেন। তিনি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
আরিফুর রহমান শান্ত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন।