নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত হয়েছেন লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিক। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধ নিয়ে লেখালেখির কারণে তিনি আগে থেকেই নিরাপত্তাঝুঁকিতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই ব্যক্তি তাকে অনুসরণ করেন। পরে কাছ থেকে গুলি করে পালিয়ে যান তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন। পাশাপাশি তিনি একটি বেসরকারি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপিটিভি) চ্যানেলের নেত্রকোনা প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, এর আগেও তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। লেখালেখির কারণে তিনি নিরাপত্তাঝুঁকিতে ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।
একজন সাংবাদিকের এমন হত্যাকাণ্ডে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। হত্যার পেছনের কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।