শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরে টানা সাতদিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির অনুলিপি এরই মধ্যে স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে হস্তান্তর করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২৩ অক্টোবর টানা ৭ দিন দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ী ও এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের চিঠির প্রেক্ষিতে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে পণ্য পারাপার বন্ধ থাকার নির্দেশনাটি স্থলবন্দরের সংশ্লিষ্ট সব দপ্তরে জানানো হয়েছে। তবে এর প্রভাব যাত্রী পারাপারে পড়বে না।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চৌকি দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক নিয়মে চলবে।