লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার দলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মালেক দক্ষিণ দলগ্রাম ঘাটেরপাড় মাস্টারপাড়া এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানের মুদিদোকানে চুরির ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় চুরির দৃশ্য ধারণ হয়। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ওই ফুটেজ পুলিশকে দেন।
চুরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেককে আটক করে পুলিশ।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালেক নিজের ও ছেলের মাদকের খরচ জোগাড় করতে চুরির কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে চুরি যাওয়া মালামালের একটি ছাতা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।