গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন, সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত আনসার আলীর ছেলে মো. সুলতান আহম্মেদ (৬৫) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও যুবলীগ নেতা মো. লিটন মন্ডল (৩৯)।
পুলিশ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গেল ২০ সেপ্টেম্বর ভোরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ও দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ৪টা ২৬, ৪টা ২৮ ও ৪টা ৩০ মিনিটে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে। এতে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় সুলতান আহম্মেদ ও লিটন মন্ডলকে গ্রেফতার দেখানো হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘এ মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার আসামিদের শনাক্তে তদন্ত চলছে।’