চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ দিনের ব্যবধানে সিরাজুম মনিরা (৫) নামে আরও এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সে সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি এলাকায় মোহাম্মদ রাফসান (২৬) নামের এক যুবক ও ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফৌজদারহাট এলাকার বাসিন্দা তিন বছর বয়সী শিশু সিফাত। এ নিয়ে গত ৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে।
মনিরার পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে তীব্র জ্বরসহ নানা শারীরিক অসুস্থতায় দুর্বল হয়ে পড়ে সে। অবস্থার অবনতি হতে দেখে অভিভাবকরা তাকে গত মঙ্গলবার সীতাকুণ্ড পৌরসদরের মেডিকেয়ার ল্যাবে নিয়ে এলে চিকিৎসক এনএসওয়ান পরীক্ষা করেন। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করাতে বলেন চিকিৎসক। সেখানে বুধবার তাকে আইসিইউতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
মনিরার খালা জানান, সে (মনিরা) আমার ভাগ্নি। তারা দুই বোন। ছোট্ট নিষ্পাপ কন্যাশিশুকে হারিয়ে মা-বাবা অনেকটা পাগলের মতো হয়ে গেছেন।
এদিকে মনিরার মৃত্যু সংবাদে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৫১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। চলতি মাস সেপ্টেম্বরে এই পর্যন্ত ৬৫ জন আক্রান্ত হয়েছেন। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জেসমিন আক্তার জানান, ডেঙ্গু আক্রান্ত অনেকেই এখানে ভর্তি হচ্ছে কিংবা রেফার হচ্ছেন। কিন্তু মনিরা মারা যাওয়ার তথ্য তাকে কেউ জানাননি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি), ক্লিনিক্যাল এবং ট্রপিক্যাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুনুর রশীদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। জ্বর, মাথা ও শরীর ব্যথা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা এবং মশার কামড় থেকে নিরাপদ থাকতে হবে। এছাড়াও বাড়ির আশপাশে সর্বদা পরিষ্কার রাখতে হবে।