বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে মাদক, শাখা ছাত্রলীগের অপতৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রোপাগান্ডার বিরুদ্ধে সোমবার রাত ৯ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কর্মসূচি শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি নৈশভোজের আয়োজন করা হয়।
ক্যাম্পাসে মাদকের বিস্তার রোধ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপকার্যক্রম এবং অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ববির ছাত্রদল এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা কুয়াকাটা মহাসড়ক হয়ে পুরো ক্যাম্পাসের প্রদক্ষিণ করে।
ববি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন,
"পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে বলতে চাই ক্যাম্পাসের শান্তি, নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। তবে আমাদের অবস্থান হবে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও আইনসম্মত।
একই সঙ্গে মাদকের বিরুদ্ধেও আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে এবং সমাজে অপরাধ ও অস্থিরতা বাড়ায়। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।
অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট—বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস করা হবে না।"
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর ছাত্রদলের নেতাকর্মীরা একসঙ্গে রাতের খাবারের আয়োজনে অংশ নেন। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হয়।