রংপুরের তারাগঞ্জে জাল ভিসা তৈরি করে প্রতারণার অভিযোগে মতিউর রহমান মিম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাগঞ্জ থানা-পুলিশের যৌথ দল।
গত বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মতিউর রহমান মিম ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মিম দীর্ঘদিন ধরে একটি চক্রের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের সঙ্গে বিদেশ পাঠানোর নামে জাল ভিসা তৈরি ও প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় তারাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।