হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফল বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগে উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়াকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই পুলিশ কর্মকর্তাকে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এর আগে, গত শনিবার রাতে আজমিরীগঞ্জ বাজারের রাজিব আহমেদের ফলের দোকানে এ চুরির ঘটনা ঘটে। যা ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। ফুটেজটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফল কেনার পরও প্রায় পাঁচ মিনিট ওই দোকানে অবস্থান করেন এসআই রাসেল। এ সময় দোকানের টেবিলের ওপর রাজিব আহমেদের কালো রঙের একটি স্মার্টফোন রাখা ছিল। একপর্যায়ে এসআই রাসেল হাতে থাকা একটি ফাইল ও নিজের লাল রঙের মোবাইল ফোনটি দোকানির মোবাইলের ওপর রাখেন। পরে কথা বলার সময় দুটি ফোনই পকেটে নিয়ে চলে যান। কিছুক্ষণ পর নিজের মোবাইল ফোন খুঁজে না পেয়ে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন ব্যবসায়ী রাজিব আহমেদ। এতে এসআই রাসেলকে মোবাইলটি নিয়ে যেতে দেখা যায়।
রাজিব আহমেদ জানান, পরবর্তীতে তিনি এসআই রাসেলের কাছে মোবাইল ফোনটি ফেরত চান। তবে রাসেল প্রথমে ফোন নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরে সিসিটিভি ফুটেজের কথা জানানো হলে ওই দিন গভীর রাতেই মোবাইলটি ফেরত না দিয়ে তাকে ১৫ হাজার টাকা দেওয়া হয় বলে জানান তিনি।
যদিও অভিযোগের বিষয়ে জানতে এসআই রাসেল মিয়াকে একাধিকবার ফোন করার হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, তিনি সিসিটিভির ফুটেজ দেখেছেন। মোবাইল ফোন হারিয়ে ফেলায় এসআই রাসেল ১৫ হাজার টাকা দিয়েছেন ওই ফল বিক্রেতাকে। ঘটনাটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সোমবার তাকে (এসআই রাসেল) হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।<