গাইবান্ধা জেলা প্রতিনিধি:
মোঃ রিয়াদ প্রধান

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ ও রাম মন্দিরের প্রতিষ্ঠাতা তাওহীদ ইসলাম ওরফে হরিদাস চন্দ্র তরুনী দাসকে রবিবার (১২ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, ডিবি পুলিশের পরিচয়ে কয়েকজন ব্যক্তি মন্দিরে প্রবেশ করে হরিদাস চন্দ্রকে ডেকে বাইরে নিয়ে আসেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন ও মন্দিরের চাবি তাদের হেফাজতে নিয়ে ২০১৮ সালের উত্তরার একটি পুরোনো মামলার গ্রেফতারি পরোয়ানায় তাকে হ্যান্ডকাফ পরিয়ে আটক করা হয়।

এদিকে, নিজেদের অসাম্প্রদায়িক চেতনার অনুসারী ও সচেতন নাগরিক হিসেবে পরিচয় দেওয়া কয়েকটি পক্ষের দাবি, হরিদাস চন্দ্রকে রাম মূর্তি, মন্দির নির্মাণ, প্রতারণা বা কথিত ভারতীয় চক্রান্তের অভিযোগে নয়; বরং ২০১৮ সালের উত্তরার একটি পুরোনো মামলার পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাদের ভাষ্য, এ ঘটনায় জনমতের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও দাবি করেন, চলমান আন্দোলন ও ঘোষিত লং মার্চকে প্রভাবিত বা এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যেও এই গ্রেফতার করা হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন। একই সঙ্গে তারা জানান, তাদের উত্থাপিত দাবির বিষয়ে কর্মসূচি পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী চলমান থাকবে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন।